ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ৫ দিনে তিন লাখ ছাড়ালো

Link Copied!

দুই দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েও ফেল করেছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী। এ কারণে ফল প্রকাশের পর এবার খাতা পুনর্নিরীক্ষণে (খাতা চ্যালেঞ্জ) রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় গত ১১ আগস্ট। অনলাইনে এ আবেদন চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।

ঢাকা বোর্ডের তথ্যমতে, এ আবেদন শুরুর পাঁচদিনেই তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিগত সময়ে এসএসসিতে এত কম সময়ে এত বেশি আবেদন জমা পড়েনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এবার ফেলের হার বেশি হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করছে। বিশেষ করে অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এ আবেদন করার প্রবণতা বেশি। পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী ফেল করেছে।

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়ের উত্তরপত্র পুনরায় যাচাই করে দেখা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।