রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকার একটি ভবনের তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চুরি করার উদ্দেশ্যে তিনি ওই ভবনের ওপরে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসার সামনের পাকা রাস্তায় সেলিম নামের ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই কবির হোসেন আরও জানান, মুরাদপুর এলাকার বাসিন্দা সাত্তার মিয়ার বাড়িতে চুরি করার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওপরে ওঠার চেষ্টা করেন সেলিম। একপর্যায়ে তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে মাথার পেছনে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত হালিম মিয়ার ছেলে। বর্তমানে কদমতলীর উত্তর মুরাদপুর এলাকায় থাকতেন তিনি।

