ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এনসিএএসসি পুনর্গঠন

Link Copied!

দেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত করতে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি (এনসিএএসসি) পুনর্গঠন করেছে সরকার।

কমিটিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সভাপতি এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতকে সহ-সভাপতি করা হয়েছে।

নতুন এই কমিটিকে বিমান নিরাপত্তা-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনসিএএসসির সুপারিশের ভিত্তিতে পূর্বে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বা সমমর্যাদার প্রতিনিধি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (পরিচালন ও পরিকল্পনা), বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক, স্বরাষ্ট্র ও ডাক-টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বা তদূর্ধ্ব প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (বিশেষ শাখা), পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (বহিস্থ) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক (কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো)।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বেবিচকের সদস্য (নিরাপত্তা)।

জানা গেছে, দেশের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই নবগঠিত কমিটির প্রথম সভা আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় কৌশলগত ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে পরামর্শ দেওয়া, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা।

এছাড়া জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা নীতিমালা প্রণয়ন ও প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুপারিশ, বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো ও আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সম্প্রসারণ, নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা, বিমানবন্দর নিরাপত্তা কমিটিসহ সংশ্লিষ্ট অন্যান্য কমিটির সুপারিশ পর্যালোচনা এবং আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদারের দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সংক্রান্ত নির্দেশনা বিবেচনায় জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কার্যক্রমে সমন্বয় সাধনের বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে নিরাপত্তা ও প্রায়োগিক কৌশল বিষয়ে বিশেষজ্ঞদের অ্যাডহক সদস্য হিসেবে সভায় আমন্ত্রণ জানানো যাবে। পাশাপাশি নতুন নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি বা বিধানের কার্যকারিতা যাচাইয়ের জন্য প্রায়োগিক কৌশল সংক্রান্ত উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে।

কমিটির সভাপতি বছরে অন্তত দু’বার সভা আহ্বান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।