চট্টগ্রাম বন্দর চ্যানেলে লাল বয়ার সঙ্গে ধাক্কা লেগে আটকে গেছে কনটেইনারবাহী জাহাজ।
সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এমভি সিএনসি ইউরেনাস নামের জাহাজটি এ ঘটনার কবলে পড়ে।
বন্দরের উদ্ধারকারী টাগবোট কান্ডারি-৪ ও কান্ডারি-১১ ঘটনাস্থলে গিয়ে জাহাজটিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাল্টার পতাকাবাহী জাহাজটি ১৮শ কনটেইনার নিয়ে গত ২ মে চট্টগ্রাম বন্দরে আসে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কনটেইনার জাহাজ এমভি সিএনসি ইউরেনাস স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বন্দর চ্যানেলের লাল বয়ার সঙ্গে ধাক্কা লেগে প্রতিরোধক দেয়ালে আটকে যায়। পরে বন্দরের দুই টাগবোট গিয়ে জাহাজটিকে নিরাপদে উদ্ধার করে। বন্দর চ্যানেল বর্তমানে নিরাপদ ও উন্মুক্ত রয়েছে।

