কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্প্রতি রাজধানীর ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত আইপিও বাস্তবায়নে সার্বিক ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্বের মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির আইপিও সফলভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে একটি শক্তিশালী ও সুশাসনসম্পন্ন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

