দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীরা। বন্যার্তদের সহায়তায় ইউসিবির কর্মীরা এক দিনের বেতন প্রদান করেছেন। সংগৃহীত তহবিলের মাধ্যমে চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইউসিবির কর্মীরা চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন। এ সময় ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ইউসিবি। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকার ইউসিবির শাখাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। ইউসিবি বরাবরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে আসছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

