জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ তরিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। গতকাল দুপুরে জামালপুর ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবির সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আনসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির আজীবন সদস্য লোকমান আহমেদ খান লোটন।
দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এ সময় প্রতিবেদন নিয়ে আলোচনায় অংশ নেন আজীবন সদস্য অজয় পাল, জাহাঙ্গীর সেলিম, তারিক মালিক সিজার ও তরিকুল ফেরদৌস। আলোচনা শেষে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি বিদায়ী কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিককে প্রধান এবং হাফিজ রায়হান সাদা ও লিযাকত হোসেনকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের প্রস্তাবে সভাপতি পদে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ তরিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে সিদ্দিকুর রহমানের নাম উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সমিতি সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

