ঢাকাSunday , 26 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৪

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)।

রোববার (২৬ জুলাই) বিকেলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চারজনকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার পথে পেছন থেকে একজন ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি।

ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর প্রথমে স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসা নেন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে।

ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার আগে তিন যুবককে পুলিশ সদস্য ওসমান গনির সঙ্গে কথা বলতে এবং পরে তাদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এখন আটক চারজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।