বিনোদন ডেস্ক
শুক্রবার অস্ত্রোপচারের পর ক্যান্সারে আক্রান্ত সংগীতশিল্পী ও অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার তিনি প্রথমবারের মতো হাসপাতাল কক্ষে চলাফেরা করেছেন।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সুমন নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটি ছবি প্রকাশ করেন। যেখানে তাকে হাসপাতাল কক্ষে কারো সাহায্য ছাড়াই চলাফেরা করতে দেখা যায়।
এর আগে শুক্রবার ব্যাংককের বাম্রুংগ্রাদ হাসপাতালে সুমনের শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। এর আগে আরো ১০বার তার শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সুমনের হাত ধরেই যাত্রা শুরু করে রক ঘরানার জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য সুমন একাধারে দলনেতা, ভোকাল ও বেজ গিটারিস্ট।

