পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি।
রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ গত ২০ জুলাই অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, সিএমএসএমই বিজনেস সাপোর্ট বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসির এবং সিএমএসএমই বিজনেস বিভাগের প্রধান আবু মোহাম্মদ জাহেদ।
এ চুক্তির মাধ্যমে মধুমতি ব্যাংক পিকেএসএফ-এর সিইএস-তালিকাভুক্ত পার্টনার অর্গানাইজেশনস, অর্থাৎ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান (এমএফআই)-সমূহকে ঋণ সুবিধা প্রদান করতে পারবে। পাশাপাশি এ ব্যবস্থার অধীনে পিকেএসএফ, মধুমতি ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত এমএফআইসমূহকে প্রদত্ত ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি প্রদান করবে।

