রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানা, বাংলাদেশ আনসার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
ডিএমটিসিএল জানায়, শাহবাগ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘বি’ গেট থেকে অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে স্টেশনের সব গেট ও আশপাশের এলাকায় পরিচালিত হয়। এসময় স্টেশনসংলগ্ন ফুটপাত ও বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া বারডেম হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুটপাথে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় দুইটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ভাসমান ফুডকার্ট জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
ডিএমটিসিএলের দাবি, অভিযানের ফলে শাহবাগ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখল ও অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

