বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা হেলিপ্যাড সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে এসে তিনি হেলিকপ্টারযোগে সংস্কারকৃত হেলিপ্যাডে অবতরণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন অকার্যকর থাকা হেলিপ্যাডটি পুনরায় ব্যবহারের সূচনা হলো। স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে বহু আগে থেকেই একটি হেলিপ্যাডের স্থান নির্ধারিত থাকলেও বছরের পর বছর এটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। দীর্ঘ সময় ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হেলিপ্যাডটি দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করা হয়। সংস্কারকাজ শেষ হওয়ার পর এই প্রথমবারের মতো সেখানে অবতরণ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সংশ্লিষ্টরা মনে করছেন, হেলিপ্যাডটি পুনরায় সচল হওয়ায় ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর, জরুরি প্রশাসনিক কার্যক্রম এবং দুর্যোগকালীন সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

