আন্তর্জাতিক ডেস্ক
সরকারি কাজে জিমেইল এবং ইয়াহু মেইল নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতে। জানা গেছে, সরকারি তথ্য সুরক্ষার জন্যই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
চলতি মাসের শেষে অনুমোদনের জন্য এমন প্রস্তাব ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর মন্ত্রিসভায় পেশ করতে পারে বলে ভারতের অনলাইন নিউজ পোর্টালগুলোতে বলা হয়েছে।
এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি যোগাযোগের ক্ষেত্রে বিশেষত, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের সুরক্ষার জন্য জিমেইল ও ইয়াহু মেইল নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আলাদা মেল সার্ভার রয়েছে। বিদেশ মন্ত্রকেও তেমনই অনুসরণ করা হবে। সাইবার ক্রাইম ও হ্যাকিং বেড়ে যাওয়ায় এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।
প্রসঙ্গত রাশিয়ায় গুগলের ৫০ লাখ ব্যবহারকারীর ‘পাসওয়ার্ড’ হ্যাক হয়েছে। এরপর থেকেই ভারত এ বিষয়ে চিন্তা শুরু করে।
সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ৫ থেকে ৬ লাখ কর্মকর্তা-কর্মচারীর মেইল আইডি বদলাতে হবে। আর এতে সরকারি এই নয়ানীতি কার্যকরী করতে খরচ ৫০-১০০ কোটি টাকা বলে ধরা হচ্ছে।

