বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন কাউন্সিলর মনোনীত হয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃতী সন্তান, সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের মোঃ এরশাদ আলমের এই সুযোগ্য পুত্র দীর্ঘ দিন ধরেই ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। মাঠের সাবেক ক্রিকেটার হিসেবে যেমন তাঁর পরিচিতি রয়েছে, তেমনি মাঠের বাইরে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। বিসিবির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাবেক এই ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং খেলাধুলার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করাই এখন আমার মূল লক্ষ্য। আমাদের তরুণ সমাজকে মাঠমুখী করা এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যেতে চাই। ক্রীড়াঙ্গনে নিজের এই নতুন পথচলা এবং লক্ষ্য-উদ্দেশ্য সফল করতে তিনি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

