ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে উচ্চগতি সম্পন্ন ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই ওয়াই-ফাইয়ের উদ্বোধন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।
এরিকসন বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতা ১০ এমবিপিস ব্যান্ডউথ সম্পন্ন এই ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত বলে উদ্বোধন শেষে জানানো হয়। এখন থেকে মধুর ক্যান্টিন ও এর আশে পাশে ২০ মিটার এলাকায় এই ইন্টানেট সেবা নেয়া সম্ভব হবে।
এদিকে উদ্বোধনের সঙ্গে সঙ্গেই মধুর ক্যান্টিনে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা তা ব্যবহার শুরু করেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কবি জসিম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির তীর্থস্থান। রাজনৈতিক কারণে দিনের অধিকাংশ সময় আমাদের এই ক্যান্টিনেই থাকতে হয়। এখন থেকে এখানে অবস্থানকালে বিনামূল্যের উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পাবো তা ভাবতেই ভালো লাগছে।’
মধুর ক্যান্টিনে ফ্রি ওয়াই-ফাই চালু করার জন্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানান এই ছাত্রনেতা।

