ঢাকাThursday , 14 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, দক্ষতাতেও গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

Link Copied!

সরকার কেবল তাত্ত্বিক শিক্ষায় নয়, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি সুশিক্ষিত জাতি গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সবকিছুর ঊর্ধ্বে রেখে কাজ করছে।’

তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপজীব্য করেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শিক্ষায় কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। শিক্ষায় কেবল পুঁথিগত জ্ঞান নয়, বরং দক্ষতা বৃদ্ধির ওপর আমাদের জোর দিতে হবে। অনেকের দক্ষতা থাকলেও জ্ঞান নেই, আবার অনেকের জ্ঞান থাকলেও দক্ষতার অভাব রয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় এই দুটির সমন্বয় ঘটাতে চায়।’

গণ-অভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মাহদী আমিন বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন তরান্বিত করেছিল। সব শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ না হলে সেই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে নামানো সম্ভব হতো না।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকট ও অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা অনন্য। আগামীর স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জ্ঞান ও মেধার পাশাপাশি দেশপ্রেম এবং দক্ষতাই হবে শিক্ষার্থীদের প্রধান হাতিয়ার।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।