বয়স ৮৩ হলেও কাজের প্রতি ভালোবাসা মোটেই কমেনি অমিতাভ বচ্চনের। পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই বলিউড কিংবদন্তি এখনো সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। এমনকি গভীর রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। সম্প্রতি নিজেই জানালেন, কেন রাত জেগে থাকতে পছন্দ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, চিকিৎসকেরা অমিতাভকে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই নিয়ম মেনে চলা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, রাতের নিরিবিলি সময়েই তিনি সবচেয়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এ বিষয়ে অমিতাভ বলেন, ‘ঘুমের চেয়ে কাজ আমার কাছে বেশি জরুরি। যদিও চিকিৎসকেরা বলেন, পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুব প্রয়োজন। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়। কিন্তু আমি যখন রাতে ব্লগ লিখি, তখন চারপাশে গিটার ও সেতারের মৃদু সুর বাজতে থাকে। সেই পরিবেশ আমাকে কাজে মনোযোগ দিতে সাহায্য করে।’
তিনি আরও জানান, রাতের নীরবতা ও সুরেলা আবহ তার মনকে শান্ত রাখে। দীর্ঘ সময় জেগে কাজ করলেও এতে মানসিক প্রশান্তি পান তিনি। তার ভাষায়, ‘আমার শরীর ও মনের জন্য এর চেয়ে ভালো নিরাময় আর কিছু হতে পারে না।’
অভিনয়ের পাশাপাশি নিয়মিত ব্লগ লেখা ও সমাজমাধ্যমে সক্রিয় থাকার অভ্যাস বহুদিনের অমিতাভ বচ্চনের। বয়স বাড়লেও কাজের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা এখনো অনুরাগীদের মুগ্ধ করে।

