সারা দেশের ন্যায় মণিরামপুরেও শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২৬। সোমবার সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন। একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে টিকাদান কর্মসূচির বিকল্প নেই। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই প্রতিটি অভিভাবকের উচিত নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানকে টিকার আওতায় আনা। সরকারের এ উদ্যোগকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে আহ্বান করেন নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, এই ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হয়ে আগামী ৭ মে পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী অন্ততঃ ৪৪ হাজার জন শিশুকে উপজেলার ৪০৯টি কেন্দ্রে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াত নেতা আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু, মেডিসিন কনসালটেন্ট সুমন কবির, গাইনী এন্ড অবস কনসালটেন্ট ডাঃ দিলরুবা ফেরদৌস ডায়না, ডেন্টাল সার্জন ডাঃ ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম, ডাঃ নাহিদ হাসান, ডাঃ রাফেজা খাতুন, ডাঃ মারুফা নাসরিন, ডাঃ মোঃ মুনীফ মশিয়ার মম, ডাঃ অনিক দত্ত, ডাঃ জয়িতা মন্ডল, ডাঃ শারমিনা খাতুন স্নেহা, ডাঃ প্রিয়াংকা দত্ত, ডাঃ রুবায়েত মাশরুর মাসুক, ডা. সজীব কুন্ডু, মেডিকেল অফিসার (ইউনানী) ডা. রুহুল আমিন। এছাড়াও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (ঝঅঈগঙ) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

