গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায়, সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

