ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক-২

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথক দুই অভিযানে মাদকসহ একজন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আরও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার পৃথক দুই ঘটনায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর কলোনী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ৩৭৭/৪এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে চারজনকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় মো. শহিদুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হলেও অপর তিনজন পালিয়ে যায়। আটক শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ২৭টি ইয়াবা ট্যাবলেট ও একটি তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত পথে মাদক আনা-নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে, একই দিন রাতে উপজেলার কোর্টপাড়া সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মো. আবুল কাসেম (৪৫) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। বিজিবি জানায়, আটক আবুল কাসেমের সঙ্গে থাকা একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের কথা স্বীকার করেছেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পাসপোর্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।