ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। বৈঠকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং দেশের চলমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তাঁর একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন

কুমিল্লার মহাসড়কের পাশে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈঠকে দুই দেশের শ্রমবাজার ও কর্মী নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই কর্মীদের শোষণ রোধ এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে উভয় দেশই আগ্রহ প্রকাশ করে। এছাড়া শিক্ষা খাতে সহযোগিতা, বিশেষ করে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।