ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউনূসের

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, এরই মধ্যে যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি। যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে। বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে।

তিনি বলেন, এটি কোনো আঞ্চলিক সংকট নয়; এটি সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে।

মুহাম্মদ ইউনূস বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্বনেতাদের এই পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, এটি শুধু ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানবসভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।