অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া। গত ৩ এপ্রিল হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুয়াহাটির একটি হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম জানা গেছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন গরিমা। ভর্তির সময় তার রক্তে শর্করার মাত্রা নেমে আসে মাত্র ৬০ এমজি-তে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। চিকিৎসকদের মতে, আচমকা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ, সঙ্গে দীর্ঘদিনের অনিদ্রাও এই পরিস্থিতির জন্য দায়ী। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী কয়েক দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পরিণীতি চোপড়ার স্বামীকে দলীয় পদ থেকে অপসারণ
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে জুবিন গার্গের আকস্মিক প্রয়াণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গরিমা। স্বামীর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া এবং তার মৃত্যুসংক্রান্ত নানা বিষয় সামলাতে গিয়ে নিজের যত্ন নেওয়ার সময় পাননি বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুবিন-গরিমার সম্পর্কের গল্পটিও ছিল ব্যতিক্রমী। আসামের গোলাঘাটের মেয়ে গরিমা মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ার সময় জুবিনের ‘অনামিকা’ ও ‘মায়া’ অ্যালবামের গান শুনে অনুপ্রাণিত হন। একসময় মন খারাপের মুহূর্তে তিনি গায়ককে একটি চিঠি লেখেন। সেই চিঠি পৌঁছে যায় জুবিনের কাছে।
সাধারণত ভক্তদের চিঠির জবাব না দিলেও, গরিমার চিঠির উত্তর দেন জুবিন। সেই একটিমাত্র যোগাযোগ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা পরে রূপ নেয় ভালোবাসায়।

