নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাকের পরিবারে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের মুসলিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি। পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আল মামুন মিঠু ও বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন এবং আঃ সালাম ব্যাপারী।
দোয়া অনুষ্ঠানে মোঃ জুলফিকার আলী বলেন, নিহত বিএনপি নেতা আঃ রাজ্জাক পরিবারের সবাই ইতিমধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে ১ লাখ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টকা করে সহায়তা প্রদাণের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে তারা নিহত পরিবারের কাছ থেকে সহায়তার ফরম পূরণ করিয়ে নিয়েছে। শীঘ্রই নিহত পরিবার এ সহায়তাও পেয়ে যাবেন। এছাড়া মোংলার বিএনপি পরিবার সার্বক্ষণিক আঃ রাজ্জাক পরিবারের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ নিহত হন মোংলার বিএনপি নেতা আঃ রাজ্জাকসহ তার পরিবারের ৯ জন। এছাড়াও মারা যান তার নব পুত্রবধুসহ সেই পরিবারের ৪ জন এবং মাইক্রোবাস চালক।

