প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত ও ৩জন আহত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গায় আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি ও তার বাবা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার এবং জনির ৪ বছর বয়সী শিশু কন্যা শেহেরিশ। এ সময় গুরুতর আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম , স্ত্রী সাবরিনা জাহান এবং ছেলে সামিন আলমাস। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকাস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, প্রাইভেটকারটি চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে আসছিল। ধারণা করা হচ্ছে, চালক জাকারিয়া জনির চোখের ঘুমজনিত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত ৪ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে ছোট শিশু শেহেরিশের মৃত্যু হয়। নিহত জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার স্বপরিবারে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জনি। সেখান থেকে ফেরার পথেই এই করুণ পরিণতি হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত নিহতদের মরদেহ মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।

