বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) খানজাহান আলী দরগাহ এলাকায় অবস্থিত পর্যটন মোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার উন্নয়ন, শিক্ষা, পর্যটন ও অবকাঠামো খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফোরামের কোষাধ্যক্ষ ও রাজউকের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত তিনি অনলাইনে যুক্ত হয়ে বাগেরহাট উন্নয়নে ফোরামকে একটি কার্যকর “সচিবালয়” হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় জেলার অগ্রগতি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ মসিউর রহমান দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাগেরহাটের খাল পুনঃখনন, স্লুইসগেট সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ফোরামের সাধারণ সম্পাদক ও বিআরটিএ’র পরিচালক (যুগ্মসচিব) মো. জাকির হোসেন জেলার মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ফোরামের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে সুন্দরবন, খানজাহান আলীর মাজার ও ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন জেলার পর্যটন খাত উন্নয়ন এবং মাদক, মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। তিনি নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সাবেক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ার ইসলাম মল্লিক, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মেজর (অব.) মো. মনিরুজ্জামান এবং দুদকের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলসহ অনেকে।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সার্বিক কল্যাণ, বাগেরহাট জেলার টেকসই উন্নয়ন, অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

