নিজস্ব প্রতিবেদক: গৃহযুদ্ধে অস্থির ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে ভারত ও সৌদি আরবের সহায়তা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কুয়েতে বাংলাদেশি দূতাবাসে তাৎক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন খোলা হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বরগুলো হলো- মোবাইল: 00965-50570754, অফিস: 00965-24913201 ইমেইল: ambassador.kuwait@mofa.gov.bd
এছাড়া কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এসএম মাহবুবুল আলমের সঙ্গেও যোগাযোগ করা যাবে যেকোনো সময়। তার মোবাইল নম্বর: 00965- 94934363, ইমেইল: mahbub50@yahoo.com।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ হলেও ইয়েমেনের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তারপরও সেখানে শিয়াপন্থি হুতিদের বিরুদ্ধে সৌদি বিমান হামলা সমর্থন করেছে বাংলাদেশ। হুতিরা সুন্নি সরকার উৎখাতে সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। ইতিমধ্যে সরকার রাজধানী ছেড়ে পালিয়েছে।
অপরদিকে হুতিদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান।
ইয়েমেনে ১৫শ থেকে ৩ হাজার বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

