নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্সেল শাখা থেকে ১০ লাখ টাকা মূল্যের মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। বিমানবন্দরের কাস্টম শুল্ক ও গোয়েন্দা বিভাগ এসব জব্দ করে।
কাস্টম শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা জানিয়েছেন, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের মাধ্যমে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দেওয়ান আসাদুজ্জামান নামের এক ব্যক্তি মোবাইল সেটগুলো পাঠিয়েছেন বাংলাদেশের কায়সার জামিল নামের আরেক ব্যক্তির কাছে। তার বাসার ঠিকানা- উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ি।
জব্দকৃত ফোনের মধ্যে আইফোন, স্যামসাং গ্যালাক্সিএসফোর ব্র্যান্ডের বেশকিছু ফোন ছিল। ভুয়া ডিক্লিয়ারের মাধ্যমে এগুলো বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছেন উম্মে নাহিদা।

