ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সুন্দরবনে বনদস্যুদের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ ) ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে আটক করা হয়েছে। আটককৃত আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে দস্যুতা পুনরায় শুরু করার চেষ্টা করছিল। কিন্তু সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার দৃঢ় সংকল্পে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। নির্বাচন-পরবর্তী যৌথ অভিযানের খবরে আতঙ্কিত হয়ে আফজাল সরদার উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পুঁতে রেখে নারায়ণপুর এলাকায় আত্মগোপন করেছিল। আফজাল সরদার দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি দস্যু দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে। আটককৃত আফজাল সরদার এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দস্যুদের উদ্দেশ্যে বলা হয়েছে, অভিযান থেকে কোনো ছাড় দেওয়া হবে না।

