জয়পুরহাটের কালাইয়ে পুকুর সংস্কারের নামে দীর্ঘদিন থেকেই মাটি বিক্রি করছেন ছাত্রদল নেতা নাজেবুর রহমান সুইট। সোমবার (২ মার্চ) সকালে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এসময় মাটি কাটা ও বিক্রীর অপরাধে সুইটকে ৭০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। এর আগে সরকারি পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছিল। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন মাটি বিক্রি করছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের কথা থাকলেও দীর্ঘদিন ধরে ওই এলাকার নাজেবুর রহমান সুইট পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা জানান, অবৈধভাবে পুকুরে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

