স্পোর্টস ডেস্ক
আগে যা কখনোই ঘটতে দেখা যায়নি, সেটাই এবার ঘটছে। আগামী শনিবার স্প্যানিশ লা লিগা অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে এই প্রথমবার ঘরের মাঠে অর্থাৎ, ন্যু ক্যাম্পে অ্যাওয়ে কিট পরে (বাইরের মাঠে খেলতে গেলে যে পোশাক পরে) খেলতে নামবে বার্সেলোনা।
কাতালন ক্লাবটির ‘সেনইয়েরা’ (হলুদ ও মেরুন রঙের মিশেলে তৈরি কাতালনদের পতাকার ভিন্ন রূপ) জার্সি পরার উদ্দেশ্য হলো স্বাধনীতা প্রত্যাশী ভূখণ্ডটির ঐতিহাসিক স্বাধীনতা দিবসকে স্মরণ করা। কেননা গেল বৃহস্পতিবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর স্বাধীনতা দিবস উদযাপন করেছে স্পেনের ভূখণ্ডটি।
এক্ষেত্রে অবশ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়েছে বার্সেলোনা ফুটবল ক্লাব। কিন্তু এই ঘটনার পর অনেকে বার্সেলোনাকে খেলাধূলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত করছে। যদিও বার্সা বলছে বিষয়টি মোটেই সে রকম নয়।
এর আগে বার্সেলোনার ফুটবলার জাভি হার্নান্দেজ ও জেরার্ড পিকে গেল বৃহস্পতিবার কাতালনিয়ার স্বাধীনতা দিবস উদযাপন করেন। যখন পিকেকে দেখা গেছে ভিন্ন রূপে। কাতালনিয়ার স্বাধীনতা দিবসে ছেলে মিলানকে নিয়ে মার্চে অংশ নেন ডাকসাইটে এই ফুটবলার।


