গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ তরফ কামাল গ্রামে রোববার রাত ১১টার দিকে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধমাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে। আনোয়ারুল ইসলাম উপজেলার তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে স্থানীয়দের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি করে শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট ওজন প্রায় ১.১৯৭ কেজি আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা। মাদক অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯ (খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

