কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ দুই উপজাতি যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-ভৈরব-সিলেট মহাসড়কের নজরুল ইসলাম সেতুর কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিথিংগা গ্রামের মৃত বেনজামিন হাজংয়ের ছেলে জুসেদ হাজং (৩৪) ও একই গ্রামের চিংচো সাংমার ছেলে রুমুয়েল সাংমা (২০)।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, ভৈরব নজরুল ইসলাম সেতুর কাছে নাটারের মোড়ে উপজাতি দুই যুবক ঘুরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৯ রাউন্ড তাজা গুলি ও ২টি খালি গুলির খোসা উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রিভলবারটি বিক্রির জন্য গাজীপুরের কালীগঞ্জ নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

