চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী জাহাঙ্গীর (৩৩) দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
মনোহরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হানিফ জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতীয় নিমতিতা বিএসএফ ক্যাম্পের টহলদল ১০/২এফ পিলার থেকে ভারতীয় সীমান্তের কাছে জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে জাহাঙ্গীরের ডান পায়ের হাটুর উপরে গুলি লাগে। এসময় তিনি দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বিজিবি মনাকষা কোম্পানি কমান্ডার শামশুর রহমান গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি বলে জানান।
মনাকষার স্থানীয় চিকিৎসক সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, গুলিবিদ্ধ জাহাঙ্গীর প্রথমে আমার কাছে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, উক্ত জাহাঙ্গীরের ডান পায়ের হাটুর উপরে হাড় ভেঙে বের হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর জানান, খবর পেয়ে বিজিবির একটি টহলদল জাহাঙ্গীরের বাড়িতে যায় কিন্তু তার পরিবার তা অস্বীকার করেছে।
তাছাড়া জাহাঙ্গীরের বর্তমান অবস্থান নিশ্চিত করতে পারিনি। তাকে অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে।

