ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সেই নারীকে আইনি সহায়তার আশ্বাস দুই উপদেষ্টার

Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়াকে কেন্দ্র করে যৌন নির্যাতনের শিকার নারীর সঙ্গে মোবাইলফোনে কথা বলেছেন সরকারের দুই উপদেষ্টা। তারা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ‍ভুক্তভোগীকে (৩২) ফোন করে তার খোঁজখবর নেন উপদেষ্টাদ্বয়। এসময় ওই নারীকে আইনি সহায়তার আশ্বাস দেন তারা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দুই নারী উপদেষ্টা ফোন করে হাসপাতালে ভর্তি নারীর খোঁজখবর নেন। এসময় উপদেষ্টারা ওই নারীর শারীরিক খোঁজখবর নেন এবং তাকে সর্বাত্মক আইনি সহায়তার আশ্বাস দেন।
ভুক্তভোগী নারী বলেন, ‌‘দুই উপদেষ্টা আমার সঙ্গে সুন্দর করে কথা বলেছেন। আমার এত কষ্টের মাঝেও একটু শান্তি লাগছে। উপদেষ্টারা বলেছেন, আমি যেন মনোবল না হারাই। তারা আমাকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকার ও রাজনৈতিক দলগুলো আন্তরিকতায় আমি স্বস্তি পাচ্ছি।’
এর আগে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ৩২ বছর বয়সী ওই নারী দাবি করেন, নির্বাচনে শাপলা কলিতে ভোট দেওয়ায়‌ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় স্থানীয় কয়েকজন যুবক তাকে ও তার স্বামীকে পিটিয়ে জখম করেন। এসময় তার স্বামীকে কক্ষে বেঁধে রেখে গোসলখানায় নিয়ে আবদুর রহমান নামের এক ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করেছেন। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ভর্তি করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জাগো নিউজকে বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে স্থানীয়ভাবে তদন্ত করে শুক্রবার রাতে ও শনিবার সকালে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’