আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনে ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথমবারের মতো বিশাল নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

