ঢাকাWednesday , 4 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

Link Copied!

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ভোটের সিল জব্দের ঘটনায় স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এ মামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আত্মগোপনে রয়েছেন জামায়াত নেতা শরীফ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াতের আমির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেলের দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬ টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন, ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলা আসামি করা হয়। এদের মধ্যে গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্সের’ স্বত্বাধিকারী এবং মামলা অপর আসামি শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়েছে দুইজনের নামে মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনাটি নিয়ে মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকায় বশিরভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলনে করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। জাল ভোটসহ জালিয়াতি ও ষড়যন্ত্র করার লক্ষ্যে জামায়াত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

এরপর পাল্টা সংবাদ সম্মেলন করে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম জানান, আটক সোহেল জামায়াতের কেউ নয়। তবে মামলার অপর আসামি সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, সিলগুলো জব্দের পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। দ্রুত সময়ের মধ্যে এর প্রেস রিলিজ দেওয়া হবে।