বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মুক্তিযোদ্ধাদের সাথে (৪ ফেব্রুয়ারি) বুধবার সকালে পৌর শহরের হোটেল টাইগারে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। এই সভায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের কল্যাণ ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমরা একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ থাকবে না। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বিএনপি নেতৃবৃন্দ: মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক।এছাড়া সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু হানিফ শেখ। তিনি সভায় বক্তব্য রেখে বলেন, “ড. শেখ ফরিদুল ইসলাম একজন শিক্ষিত, সৎ ও মানবিক নেতা। তাঁর নেতৃত্বে মোংলা-রামপাল এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা তাঁকে সমর্থন করছি এবং ধানের শীষের বিজয় কামনা করছি।” সভায় অন্যান্য মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এলাকায় শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসবে। বিশেষ করে মোংলা বন্দর, সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশ রক্ষা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারী-শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রার্থী। এই মতবিনিময় সভা মোংলা ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণাকে নতুন গতি এনে দিয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সভা শেষে সকলে মিলে ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে করেন।

