আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রস্তুত ও ভোটের দিনের বিশেষ নির্বাচনী প্রতিবেদন বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি রবিবার বেতারের সভাকক্ষে দিনব্যাপী এ সভার আয়োজন করে আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, কক্সবাজার এর বার্তা বিভাগ। সভার মুখ্য আলোচক ও রিসোর্সপার্সন ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজার এর সহকারি বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী। এতে নির্বাচনে সংবাদ প্রতিবেদন ও গল্প তৈরীর নানা দিক আলোচনা করা হয়। বেতার উপযোগী সংবাদ স্টোরি তৈরিতে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী সংবাদের তথ্য সংগ্রহ, সংবাদ প্রতিবেদন তৈরি, ক্রসচেক, সম্পাদনা সহ প্রাসঙ্গিক বিষয়ের দক্ষতা অর্জনে স্টেকহোল্ডারদের সচেতন থাকতে হবে। সর্বোচ্চ ৮ লাইনের মধ্যে বেতার উপযোগী সংবাদ প্রতিবেদন তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সংবাদ সংগ্রহের পাশাপাশি মানুষের কল্যাণে সংবাদদাতাদের কাজ করে যেতে হবে। উন্নয়নমূলক সংবাদ সংগ্রহ ও প্রচারে বিশেষ নজর দিতে হবে। নির্বাচন উপলক্ষে নাগরিকদের ভিডিও বক্তব্য সহ সংবাদ প্রতিবেদন তৈরি ও প্রেরণ করতে হবে। নিজ উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিদিনকার সংবাদ সংগ্রহ করে আঞ্চলিক বার্তা সংস্থায় পাঠাতে হবে।
সহকারি বার্তা নিয়ন্ত্রক বলেন, সংগৃহীত তথ্যের যথাযথ সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করতে হবে। বেতারের নিউ মিডিয়ায় সংবাদ প্রকাশে আরো সচেতন হতে হবে। নিজ নিজ উপজেলার সফলতা ও সম্ভাবনার কাহিনী তুলে আনতে হবে। প্রচারিত সংবাদের জন্য সংশ্লিষ্ট সংবাদদাতা দায়ী থাকবেন উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে বিলম্বে নিউজ সম্প্রচারিত হবে। এরপরও মিথ্যা ও অপতথ্য সম্বলিত সংবাদ সরকারি গণমাধ্যমে প্রচার করা যাবে না। নেতিবাচক সংবাদও অনেক সময় উপস্থাপনা কৌশল দিয়ে ইতিবাচকভাবে তুলে ধরা যায় বলে মন্তব্য করেন বেতারের এ কর্মকর্তা। সভায় ঈদগাঁও উপজেলা সংবাদদাতা মোঃ রেজাউল করিম, উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদ, টেকনাফ উপজেলা সংবাদদাতা আবুল কালাম, মহেশখালী উপজেলা সংবাদদাতা মোঃ আমিনুল হক, অনিয়মিত শিল্পী রোজীনা আক্তার রোজি, মাঈনুদ্দিন শাহেদ, আজাদ মনসুর, রোতাব চৌধুরী, মোহাম্মদ ফাহাদ, তছলিমা বেগম, সাবিহা বেগম, বিকাশ চক্রবর্তী, মোহাম্মদ ফাহিম, ওমর ফারুক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার নবনিযুক্ত উপজেলা সংবাদদাতাদের অভিনন্দনপত্র ও ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া উপস্থিত অন্যান্য উপজেলা সংবাদদাতা সহ সকলকে নতুন বছরের টেবিল ক্যালেন্ডার, বেতারের লোগো, বোম ও স্টিকার বিতরণ করা হয়।

