জনমত উপেক্ষা করে লাভজনক চুক্তি বাতিল এবং বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের পাঁচুর মোড় এলাকায় গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, জয়পুরহাট-এর আয়োজনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল দুনিয়ার মজদুর এক হও সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াও জনমত উপেক্ষা করে লাভজনক চুক্তি বন্ধ করো বিদেশিদের বন্দর ইজারা দেওয়া চলবে না৷ বক্তারা বলেন, দেশের জনগণের মতামত উপেক্ষা করে বিদেশি শক্তির কাছে রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ খাত ইজারা দেওয়ার চেষ্টা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তারা এ ধরনের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ ও কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের নেতা ওবায়দুল্লা মুসাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

