ঢাকাTuesday , 27 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিজিবির প্রস্তুতি ও চেকপোস্টে তল্লাশি

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ উপলক্ষ্যে জেলার সীমান্তবর্তী কয়েকটি বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া জয়পুরহাট সদরসহ দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৯টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে গত এক মাসে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ১১ জন আসামিসহ প্রায় ১ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯৬৬ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে। জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে ২৪ প্লাটুনে আনুমানিক ৫০০ জনের বেশি বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে কেএনাইন (K-9) ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং কুইক রেসপন্স ফোর্স (QRF)। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিবিড় নজরদারি চালানো হবে। বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।