ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। তিনি ফিতা কেটে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক উদ্যোগ হিসেবে ‘ভোটের রিকশা’ চালু করা হয়েছে।

