ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায় 

Link Copied!

অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক। কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস কোম্পানী গ্যাসের প্রেসার কমিয়ে দেয়ার কারণে উৎপাদন ও কারখানা বন্ধ হয়ে যায়। এদিকে বন্ধ থাকার দীর্ঘ ১৩ মাস পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী পুণরায় গ্যাস সংযোগ পেয়ে আবার উৎপাদনে ফিরে কারখানাটি। কিন্তু উৎপাদন শুরুর ৪ দিনের মাথায় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারনে ২৬ ফেব্রুয়ারী বুধবার রাত ৭টার পর ফের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপর থেকে বন্ধ রয়েছে বৃহৎ এ কারখানাটি। এদিকে ২৪ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘ ৩০ দিন নানা ত্রুটি মেরামত করে ২৩ ডিসেম্বর বিকেল ৪ টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় কারখানাটি। এদিকে ১৫ দিন পর অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার রাত থেকে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক জানান, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে দ্রুত আবারও উৎপাদনে ফিরবে কারখানাটি।