নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদনের সময় ধাক্কা ধাক্কি করে পুষ্পার্ঘ ভেঙে ফেলার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুল না দিয়েই শহীদ মিনার ছেড়ে আসেন। পরে তারা মুক্তিযোদ্ধা সংসদের সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দিয়েছেন তারা।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, ‘মুক্তিযোদ্ধারা বয়স্ক। অনেকে আবার যোদ্ধাহত ও পঙ্গু রয়েছেন। তাই ঠেলাঠেলির হাত থেকে রক্ষা পেতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের প্রায় এক ঘণ্টা আগেই তারা ফুল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন।’
তিনি বলেন, ‘শহীদ মিনারে মুক্তিযোদ্ধারা অবস্থান নেয়ার পর তাদের সামনে এসে দাঁড়ান আওয়ামী লীগ নেতারা। একপর্যায়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের সামনে এসে দাঁড়ান। এসময় ধাক্কা ধাক্কির একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ভেঙে ফেলা হয়।’
এ ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা ফুল না দিয়েই শহীদ মিনার ছেড়ে চলে আসেন। পরে তারা সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সামনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল আরো বলেন, ‘অনেকে বক্তৃতা-বিবৃতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে মুখস্থ দরদ দেখান। বাস্তবে তারা অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাই লালন করেন না। এ কারণেই শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’
এ ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া সকল অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

