নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, আমরা একটি পতাকা, স্বাধীনতা ও ভূখন্ড পেয়েছি কিন্তু এখনো অর্থনৈতিকভাবে মুক্তি পাইনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। এ কারণেই এখনো অর্থনৈতিকভাবে আমরা মুক্তি পাইনি। দুর্নীতি প্রতিরোধ করতে পারলে অর্থনিতকভাবে দেশ স্বাবলম্বী হবে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার প্রত্যয় নিয়েই দুর্নীতি দমন কমিশন বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এজন্য প্রতি বছর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে দুদক। যাতে করে সমাজের সকল স্তরের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে।’
এসময় দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, সচিব মো. মাকসুদুল হাসান খান, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্যসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। নানা কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি পালনের উদ্যোগ নিয়েছে দুর্নীতি বিরোধী এ সংস্থা।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুর সাড়ে ১২টায় দুদক কার্যালয়ের মিডিয়া সেন্টারে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী উন্মুক্তকরণ। শুক্রবার জাতীয় মসজিদসহ সব মসজিদে জুমা-পরবর্তী দুর্নীতিবিরোধী আলোচনা এবং রাতে টেলিভিশনে টকশোতে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের ওপর পর্যালোচনা। ২৮ মার্চ বেলা ১১টায় ওসমানী মিলনায়তনে সততা সংঘের সদস্যদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ মার্চ সকাল ১০টায় রাজধানীতে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি। ওইদিন বেলা আড়াইটায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজন করা হবে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সাংবাদিকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা।
৩০ মার্চ সকাল ১০টায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে উন্মোচন করা হবে নিজস্ব ওয়েবসাইট। সপ্তাহব্যাপী আয়োজনের শেষ দিন ১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজন করা হবে ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দুয়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’ শীর্ষক সেমিনার।

