কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে ৮ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা ফিশিং বোট, সিমেন্ট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

