ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি

Link Copied!

বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র (এফএম রেডিও) স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না- সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‌‘বেসরকারি মালিকানায় এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২’ অনুযায়ী এ কমিটি গঠন করে মঙ্গলবার (১১ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ছয় সদস্যের এ কমিটিরি সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রচার) কমিটির সদস্য সচিব।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রুমেল, শিল্পকলা একাডেমির পরিচালক ড্যানিয়েল আফজালুর রহমান, রেডিও ফূর্তির উপ-মহাব্যবস্থাপক রাহাত মাহমুদ খান ও বিআরটিসির একজন প্রতিনিধি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বেসরকারি মালিকানায় এফ এম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২’ এর অনুচ্ছেদ ১৮(৫), (৬) ও (৭) অনুসারে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করা হলো।
কমিটি বেসরকারি মালিকানাধীন বেতার চ্যানেল স্থাপনে কারিগরি উপ-কমিটি থেকে সুপারিশকৃত প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পেশ করবে।
সম্প্রচার সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র পরিচালনায় সময়োপযোগী সংশোধনী সম্পর্কে পরামর্শ দেবে এ কমিটি।
এছাড়া কারিগরি উপ-কমিটি এবং মনিটরিং কমিটির রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রেগুলেটরি কমিটি।