রাজধানীর কাকরাইল শোরুম থেকে র্যাংস কোম্পানির একটি ফ্রিজ ক্রয় করা এক গ্রাহক অভিযোগ করেছেন, ক্রয়ের সময় দেওয়া ওয়ারেন্টি কার্ড থাকা সত্ত্বেও ইনভয়েস পেপার ছাড়া সার্ভিস দেয়া হচ্ছে না।
ফ্রিজের গ্রাহক জানান, “ক্রয়ের সময় আমাকে কোম্পানি ওয়ারেন্টি কার্ড এবং ইনভয়েস পেপার দিয়েছে। কিন্তু ফ্রিজে সমস্যা দেখা দেওয়ার পর শোরুম এবং কোম্পানির হটলাইনে জানালে, তারা বারবার আমাকে জানাচ্ছে, ইনভয়েস পেপার ছাড়া সার্ভিস দেওয়া সম্ভব নয়। আমি বলেছিলাম, ওয়ারেন্টি কার্ড থাকলেই সার্ভিস পাওয়া উচিত, কিন্তু তারা এ ধরনের বাধ্যবাধকতা চাপাচ্ছে।”
গ্রাহক অভিযোগ জানিয়ে বলেন, “অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো সুবিধা হয়নি। তাই আমি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছি।
এরপর ভোক্তা অধিদপ্তর অভিযোগটি গ্রহণ করে ১২ তারিখ শুনানির দিন ধার্য করে। ভোক্তা অধিদপ্তর থেকে নোটিশ পাঠানোর পর হঠাৎ শোরুম কর্তৃপক্ষ এবং সার্ভিস সেন্টারের পক্ষ থেকে গ্রাহককে ফোন করে সার্ভিস দিতে আগ্রহ প্রকাশ করা হয়। তবে ফ্রিজের গ্রাহক জানিয়ে দিয়েছেন, “শুনানির পরেই সিদ্ধান্ত নেব। এখন সার্ভিস নিতে রাজি নই।”
গ্রাহক আরো জানান, যখন ফ্রিজে সমস্যা ছিল তখন তারা ইনভয়েস ছাড়া সার্ভিস দিতে পারবে না বলে জানায়, আর এখন নোটিশ পাওয়ার পরে তারা সার্ভিস দেওয়ার জন্য বার বার ফোন দিচ্ছে। তাহলে এখন ইনভয়েস ছাড়া কিভাবে আমাকে সার্ভিস দিতে চাচ্ছে, এটা আমার প্রশ্ন।
ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা বলেন, “ওয়ারেন্টি কার্ড থাকলেই গ্রাহক সার্ভিস পাওয়ার অধিকারী। ইনভয়েস পেপার বাধ্যতামূলক করা আইনসঙ্গত নয়। এই ধরনের আচরণ গ্রাহক অধিকার লঙ্ঘনের উদাহরণ।”

