ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল-পেট্রলবোমা উদ্ধার, আটক ১

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর শেরেবাংলা নগর ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় সজিব (২২) নামে এক যুবককে আটক করা হয়।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরেবাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন তথ্য পায় যে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব নামের যুবককে আটক করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে আরও কয়েকটি ককটেল বোমা, পেট্রলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সজিবের সহযোগীরা পালিয়ে যায়।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রলবোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (বোমা তৈরিতে ব্যবহৃত), ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, একটি ধারালো তলোয়ার ও একটি সামুরাই তলোয়ার।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এ সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে আটক সজিব এবং উদ্ধার বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।