বাগেরহাটের রামপালে সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকের নাম ব্যবহার করে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা ইস্রাফিল বাহিনীর নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তালুকদার আলতাফ হোসেন। সোমবার (২০ অক্টোবর) সকালে রামপাল উপজেলাধীন গিলাতলা বাজারস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী তালুকদার আলতাফ হোসেনের স্ত্রী আমিরুন্নেছা ও কন্যা ফারহানা জান্নাত। তালুকদার আলতাফ হোসেনের কন্যা ফারহানা জান্নাত সাংবাদিকদের বলেন, আমরা দাদীর প্রাপ্ত জমির অংশ ক্রয় করে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছি। সেখানে কিছু দোকান ঘর উঠিয়ে ভাড়াও দিয়েছি। হঠাৎ আমার ছোট চাচা রফিক হোসেন তার ভাগের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির অংশ অন্য শরিকদের না জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকের কাছে বিক্রি করে দেয় এবং জোরপূর্বক আমাদের অপর শরিকের বসত ভিটায় দখল দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার জমির সীমানায় না গিয়ে আমাদের ক্রয় করা জমিতে ভাংচুর করে আমাদের বসতভিটা তাদের দখলে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইস্রাফিল বলেন, আমরা কোন ভাংচুর করি নাই, বাশ দিয়ে শুধু সীমানা দিয়েছি। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমানকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন, এ বিষয়ে পরে কথা হবে বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে ভুক্তভোগীরা আরো বলেন-রামপাল থানা, রামপাল অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র কাছে অভিযোগ দিয়েও কোন প্রকার সুরহা পাননি।

